
বুয়েনস আইরেস, ০৬ অক্টোবর-বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারায় আর্জেন্টিনা। সেই হারের কষ্ট এখনো মনে আছে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। তবে ক্লাব ফুটবলে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি।
লিওনেল মেসি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন। সেই ম্যাচের আগে মার্তিনেজের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপের পর তারও অবসরের কথা মনে হয়েছিল কি না।
জবাবে মার্তিনেজ বলেন, বিশ্বকাপের ফাইনালে হার তাকে ভীষণভাবে আঘাত করেছিল। দীর্ঘদিন সেই কষ্ট তার সঙ্গে ছিল। তবে সেই যন্ত্রণা কাটিয়ে উঠতে ক্লাব পর্যায়ে পরিবেশ বদলানোর প্রয়োজন ছিল এবং তিনি সেটি করতে পেরেছেন।
গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিকে অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন মার্তিনেজ। নতুন ক্লাবে এসে নিজেকে ভালো ও আনন্দিত মনে করছেন জানিয়ে তিনি বলেন, তার মধ্যে এখন অনেক শক্তি আছে। দেশ ও পরিবারের প্রতিনিধিত্ব সর্বোচ্চ মানের সঙ্গে করাই তার দায়িত্ব।
এর মধ্য দিয়ে জাতীয় দলের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন মার্তিনেজ। ২০৩০ বিশ্বকাপ চক্রে আর্জেন্টিনার হয়ে নিজের পূর্ণ অঙ্গীকারের কথাও জানিয়েছেন তিনি।
মেসি জাতীয় দল ছাড়লে বড় শূন্যতা তৈরি হবে বলে স্বীকার করেন মার্তিনেজ। তবে তার বিশ্বাস, সেই শূন্যতা সামলানোর মতো শক্তিশালী ব্যক্তিত্বের খেলোয়াড় আর্জেন্টিনা দলে রয়েছে।
এস এম/ ০৬ অক্টোবর ২০২৬




