
প্রতিভাবান ও চলচ্চিত্র অনুরাগী নির্মাতাদের খুঁজে বের করে তাদের কাজকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলছে ‘ইস্টার্ন ইউরোপ ফিল্ম ফেস্টিভ্যাল’। এবারের আয়োজনে বিশেষ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আশরাফুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘পার্সেল’।
রোমানিয়ার ক্রাইওভা শহরে আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ‘ইস্টার্ন ইউরোপ ফিল্ম ফেস্টিভ্যাল’-এর আসর। সেখানে ‘পার্সেল’ বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত ও বিজয়ী হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা আশরাফুজ্জামান।
‘পার্সেল’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে রূপকথা ও বাস্তব জীবনের এক মেলবন্ধনকে ঘিরে। রূপকথার গল্প কীভাবে একটি সহজ-সরল মেয়ের জীবনে প্রভাব ফেলে এবং একসময় তাকে প্রতিবাদী হয়ে নিজের অধিকার ও অস্তিত্বের জন্য লড়াই করতে শেখায়- সেই গল্পই উঠে এসেছে চলচ্চিত্রটিতে।
চলচ্চিত্রটির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোকদাদি, আবু হুরায়রা তানভীর, মনিরা মিঠু, মাহবুবুর রহমানসহ আরও অনেকে।
আন্তর্জাতিক এই স্বীকৃতির খবর পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা আশরাফুজ্জামান। তিনি বলেন, “ইস্টার্ন ইউরোপ ফিল্ম ফেস্টিভ্যালে ‘পার্সেল’ জমা দিয়েছিলাম। বুধবার রাতে ই-মেইলের মাধ্যমে সুখবরটি পেয়েছি। বিষয়টি আমার জন্য সত্যিই আনন্দের।”
তিনি আরও বলেন, “বিশ্বের আরও কিছু চলচ্চিত্র উৎসবে ‘পার্সেল’ জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নিজের কাজের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আশা করছি, কানাডা, আমেরিকাসহ বিশ্বের আরও কয়েকটি চলচ্চিত্র উৎসব থেকে ভালো খবর পাব।”
এর আগে আশরাফুজ্জামান ‘মিস্টার বাদল’, ‘আইজ্যাক লিটন’, ‘হ্যামলেটের ফিরে আসা’, ‘লেখকের মৃত্যু’, ‘আমি রোকেয়া বলছি’সহ মোট নয়টি কনটেন্ট নির্মাণ করেছেন।

‘পার্সেল’-এর দৈর্ঘ্য ৮০ মিনিট। নির্মাতার ভাষ্য অনুযায়ী, অন্যান্য অনেক দেশে ৬০ মিনিটের বেশি দৈর্ঘ্যের চলচ্চিত্রকে ফিচার ফিল্ম এবং এর কম দৈর্ঘ্যের চলচ্চিত্রকে শর্টফিল্ম হিসেবে বিবেচনা করা হয়।
এ প্রসঙ্গে আশরাফুজ্জামান বলেন, “আমি ‘পার্সেল’কে ফিল্মের মতো করেই নির্মাণ করেছি। দর্শক দেখলে বুঝতে পারবেন, এখানে গল্পটাই মুখ্য। পাশাপাশি একটি পরিপূর্ণ চলচ্চিত্রের আমেজও রয়েছে।”
দেশের দর্শকদের জন্যও শিগগিরই ‘পার্সেল’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নির্মাতা জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। হয়তো খুব শিগগিরই দর্শকরা সেখানে ‘পার্সেল’ দেখতে পারবেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
