‘বুকের মধ্যে আগুন’ প্রচার কেন অবৈধ নয়: হাইকোর্ট | বিনোদন

‘বুকের মধ্যে আগুন’ প্রচার কেন অবৈধ নয়: হাইকোর্ট | বিনোদন

<![CDATA[

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সালমান শাহর মা নীলা চৌধুরীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ এপ্রিল) বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ রুল জারি করেন।

 

তথ্যসচিব ও বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী মোর্শেদ কামাল টিপু। সঙ্গে ছিলেন আইনজীবী একে খান উজ্জ্বল, এম রহমান রাহাত বিরজা বালা ও শারমিন রহমান।

 

আরও পড়ুন: ওয়েব সিরিজ বন্ধে আইনি পথে সালমান শাহর মা

 

নীলা চৌধুরীর করা রিট আবেদনে বলা হয়, ১৯৯৬ সালে তার ছেলের অপমৃত্যু হয়। তার মৃত্যু রহস্য এখনো উদ্‌ঘাটিত হয়নি। অপমৃত্যু নিয়ে আদালতে এখনো মামলা চলমান। ফৌজদারি মামলা চলমান অবস্থায় কাল্পনিক ড্রামা সিরিয়াল সম্পূর্ণ বেআইনি, যা চলমান ফৌজদারি মামলার স্বাভাবিক গতিকে ব্যাহত করবে।

 

এতে আরও বলা হয়, প্রযোজক তানিম রহমান অংশু কর্তৃক নির্মিত আট এপিসোডের ‘বুকের মধ্যে আগুন’ সালমান শাহ ও তার মা নীলা চৌধুরীকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিকভাবে হেয় করা হয়েছে।

 

ওটিটি প্ল্যাটফর্ম ‘হৈচৈ’-এ আট পর্বের এই ড্রামা সিরিয়াল প্রচারিত হচ্ছে।

]]>