<![CDATA[
আশাশুনি উপজেলার বুধহাটার নোয়াপাড়া গ্রামে প্রথম শ্রেণিপড়ুয়া শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকার শত শত মানুষ মুনছুরের শাস্তির দাবিতে বুধহাটা পুলিশ ফাঁড়িতে জড়ো হন।
শুক্রবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মুনছুর আলী নওয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন সরদারের ছেলে।
ভুক্তভোগী শিশুর মা জানান, তার শিশুকন্যা বিকেলে পুকুরে মাছ ধরছিল। একা পেয়ে মুনছুর বাহনা করে তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি চিৎকার করে উঠলে তাকে অনেক টাকা দেবে বলে ছেড়ে দেন মুনছুর এবং কাউকে কিছু না বলতে নিষেধ করেন। পরে ভীতসন্ত্রস্ত শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে ঘটনার বর্ণনা দেয়।
আরও পড়ুন: জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে মাহফুজ
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এর আগেও একাধিকবার নারী কেলেঙ্কারিসহ নানা অপকর্ম করেন মুনছুর। তার আইনগত শাস্তি দাবি করেন তিনি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম (পিপিএম) জানান, ঘটনা জানতে পেরে বুধহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিয়াবুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মুনছুরকে আটক করা হয়েছে। আহত শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>


