ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব! | চ্যানেল আই অনলাইন

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব! | চ্যানেল আই অনলাইন

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে আরো একটি বিশেষ আয়োজন রেখেছে চ্যানেল আই। সম্প্রতি চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় প্রচারিত ‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন এই তারকা।

সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার তাকে নিয়ে আসছে আরও একটি বিশেষ অনুষ্ঠান ‘হ্যালো শাকিব খান’।

এই অনুষ্ঠানে সময়ের জনপ্রিয় এই নায়ক তার ব্যক্তিজীবন, প্রেম, অভিনয় ক্যারিয়ারের নানা জানা-অজানা ঘটনা এবং জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেশের জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। দীর্ঘদিনের পরিচয় ও আন্তরিক সম্পর্কের কারণে উপস্থাপক ও শাকিব খানের কথোপকথন হয়ে উঠেছে প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত এবং উপভোগ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকরা এই অনুষ্ঠানে শাকিব খানের এমন অনেক দিক জানতে পারবেন, যা আগে খুব কমই প্রকাশ্যে এসেছে।

বিশেষ অনুষ্ঠান ‘হ্যালো শাকিব খান’ প্রচার হবে শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে, চ্যানেল আই-এ।