
ব্রাহ্মণবাড়িয়া, ৫ জুন – ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর এবং ঢাকা সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী ও সন্তানদের নিয়ে সরাইল বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার মিয়া। পথে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক মাহবুব, যাত্রী জোসনা বেগম ও তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত কাউসার মিয়া ও তার শিশু কন্যা আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি জেলার কসবা উপজেলার বাহাদুরপুর গ্রামে। অন্যদিকে ভোর ছয়টার দিকে সরাইল উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অলি মিয়া নামের এক ব্যক্তি নিহত হন।
তিনি সরাইলের পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার পর পিকআপ ভ্যান নিয়ে চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এস এম/ ৫ জুন ২০২৬






