<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইট বোঝাই ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলেও অটোরিকশা চালক আল আমিন (১৫) ও ধীতপুর গ্রামের উমলেশ চন্দ্র দাসের ছেলে আপন চন্দ্র দাস (১৪)।
আরও পড়ুন: রাজধানীতে গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত
এলাকাবাসী জানান, দুপুর আড়াইটার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়ক হয়ে একটি ইট বোঝাই ট্রাক্টর যাচ্ছিলেন। এ সময় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সড়কে ছিটকে পড়েন অটোরিকশা চালক আল আমিন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অটোরিকশা যাত্রী কিশোর আপন চন্দ্র দাস গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পলাশে ট্রলিচাপায় সাইকেল আরোহী নিহত
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>



