
ঢাকা, ১৫ ,মে – গগনচুম্বী দামের বাজারে কিছুটা স্বস্তির বাতাস! দেশের বাজারে সোনার দাম কমানোর বড় ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকেই সারা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। যা গতকাল পর্যন্ত ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা।
অন্যান্য মানের সোনার নতুন দাম দেখে নিন একনজরে:
- ২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা।
- ১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে ‘তেজাবি’ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারে অস্থিরতার মাঝেও এই দর পতন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য ইতিবাচক সংকেত। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৬০০ ডলারে নেমে এসেছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও।
সোনার দাম কমলেও রূপার দাম রয়েছে অপরিবর্তিত। ২২ ক্যারেটের এক ভরি রূপা এখনও ৫ হাজার ৭৭৪ টাকাতেই বিক্রি হচ্ছে।
গত কয়েক মাস ধরে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তজনা এবং বিশ্বজুড়ে যুদ্ধের দামামার কারণে সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়েছিল। দফায় দফায় দাম বাড়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল এই মূল্যবান ধাতু। তবে আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় বাংলাদেশের বাজারে এই সমন্বয় করা হলো।
এনএন/ ১৫ মে ২০২৬






