বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালে উঠেছে ভারত। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠেছে প্রতিবেশি দেশের মেয়েরা। বাংলাদেশের মেয়েরা ভারতের কাছে হেরেছে ৪৭-১৩ গোলের বিশাল ব্যবধানে। ১৩ গোল করে ম্যাচসেরা হন ভাবনা শর্মা।
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার ম্যাচের শুরু থেকেই ভারতীয় দলের খেলোয়াড়দের আধিপত্য ছিল। শুরুতে দলটি গোলও আদায় করে নেয়। বাংলাদেশ বারবার চেষ্টা করেও ভারতের মেয়েদের সাথে সমানতালে লড়তে পারেনি। প্রথমার্ধে ভারতীয় দল ২৪-৮ গোলের ব্যবধান রেখে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে দলটি বাংলাদেশকে আরও ২৩ গোল দিয়েছে। বিপরীতে বাংলাদেশ দল দিতে পেরেছে মাত্র ৫টি গোল। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মনে হয়েছে, ভারতের মেয়েদের উচ্চতা আর গতির কাছে পরাস্ত বাংলাদেশ দল। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া ঠিক এমনটাই মনে করছেন।
ভারতের কাছে হেরে আনা আলোনসো বলেন, ‘আজকের ম্যাচের ফলাফল মূলত দুটি দেশের মধ্যে। একটি দেশ হলো ভারত; যারা গত এক বছর ধরে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। অন্যটি বাংলাদেশ, তারাও কঠোর পরিশ্রম করছে তবে অন্য একটি স্তরে। স্বাভাবিকভাবেই, আমাদের শারীরিক অবস্থা এবং হ্যান্ডবলের দক্ষতা আলাদা, যা মাঠেও দেখা যায়। তবে আমাদের লক্ষ্য হলো আগামী মাস বা বছরগুলোতে উন্নতি করা এবং আরও ভালো করা, যাতে আমরা ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে পারি।’
বাংলাদেশ এদিন হারলেও ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি। লিগ পর্বের শেষ ম্যাচে আগামীকাল মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনালে ভারতের সঙ্গী হবে বাংলাদেশ। আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




