ভালো নেই সালমান, চিকিৎসার জন্য যেতে হবে আমেরিকায়! | চ্যানেল আই অনলাইন

ভালো নেই সালমান, চিকিৎসার জন্য যেতে হবে আমেরিকায়! | চ্যানেল আই অনলাইন

গত কয়েক দিন ধরেই আলোচনায় সালমান খান। এবার অবশ্য কোন বিতর্ক নয়, বরং অনুরাগীরা চিন্তায় সালমানের স্বাস্থ্য নিয়ে। দিনকয়েক ধরেই সালমানের চেহারা নিয়ে আলোচনা হচ্ছে।

সম্প্রতি ‘লগন’ ছবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সালমানকে দেখে অনেকেই প্রশ্ন করেন, অভিনেতা হঠাৎ মাথা ন্যাড়া করলেন কেন? শুধু তাই নয়, সম্প্রতি কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতেও সালমানকে দেখে শুরু হয় ফিসফাস। ওজন বেড়েছে অভিনেতার। স্ফীতোদর বোঝা যাচ্ছে শার্টের উপর থেকে। এবার জানা গেল, অভিনেতা নাকি খুব শিগগির আমেরিকা যাবেন চিকিৎসার জন্য।

সালমান বরাবরই বলিউডের এভারগ্রিন অভিনেতা। ষাট পেরিয়ে এখনও তার সুঠাম দেহ রীতিমতো টেক্কা দেয় নতুন প্রজন্মের অভিনেতাদের। এই বয়সেও নিয়মিত শরীরচর্চা করেন। তরুণ বয়স থেকেই স্বাস্থ্য নিয়ে সচেতন তিনি। এমনকি স্টান্টেও কখন ‘বডি ডাবল’ ব্যবহার করতে চান না। কিন্তু সেই শরীর যেন ভাঙতে বসেছে।

সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রির এক ঘনিষ্ঠ সূত্র দাবি করেন, সালমানের শরীর ভাল নেই। পরিবারের লোকেরা নাকি তাকে বার বার আমেরিকায় যেতে বলছেন। সেখানেই আগে একাধিকবার চিকিৎসা করিয়েছেন তিনি।

সূত্রটি জানায়, ‘‘সালমানের পেটে মেদ জমেছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। কারণ কড়া ডোজের স্টেরয়েড নিতে হচ্ছে তাকে।’’ যদিও সালমানের আদতে কী হয়েছে, সেটা তিনি খোলসা করেননি।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও মুম্বাই ছাড়তে নারাজ তিনি। অভিনেতা খুব শিগগির রাজ ও ডিকে জুটির পরবর্তী ছবির কাজ শুরু করবেন। আসছে অক্টোবরেই শুটিং শুরু হবে। একেবারে অ্যাকশনে ভরপুর একটা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সালমান। এই সিনেমার শুটিং শেষ না করে নাকি এক পা কোথাও নড়তে চাইছেন না তিনি।

‘সিকান্দার’ ছবির শুটিং শুরু হওয়ার পর সালমানের পেশিতে এমন যন্ত্রণা শুরু হয় যে, দীর্ঘ কয়েক মাস চিকিৎসার জন্য শুটিং বন্ধ রাখতে হয়। সালমান চান না রাজ ও ডিকের ছবির ক্ষেত্রে তেমন কিছু হোক। যদিও শরীর খারাপের মতো বিষয়কে আগেই প্রাধান্য দেওয়া উচিত।