ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার আরেকটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেন। তার নতুন ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ স্থান করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ)।
এর আগে ছবিটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে টরন্টোতে নির্বাচিত হওয়ার সুখবরটি জানিয়েছেন রুবাইয়াত হোসেন। একই সঙ্গে তিনি ছবিটির প্রদর্শনীর সূচিও প্রকাশ করেন।
সূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টা এবং ১৭ সেপ্টেম্বর রাত ১০টায় টিআইএফএফ লাইটবক্স সিনেমা–৪ এ ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে স্কশিয়াব্যাংক থিয়েটারের সিনেমা–৭-এ হবে তৃতীয় প্রদর্শনী।
মনস্তাত্ত্বিক হরর ঘরানার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত। অতিপ্রাকৃত আবহের মধ্য দিয়ে ছবিটি সৌন্দর্য, নারীত্ব, বিয়ে এবং সমাজের প্রত্যাশার মতো বিষয়গুলোকে তুলে ধরেছে।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন চৌধুরী করিম। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারী।
এবারের টিআইএফএফে বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত চলচ্চিত্রও প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরা দ’অর জয়ী রুয়ান্ডার ‘বেনিমানা’, জুরি পুরস্কারপ্রাপ্ত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’, ক্রিটিকস উইক বিজয়ী ‘লা গ্রাদিভা’, ডেনিশ-ইজিপশিয়ান নির্মাতা মে এল-তুখির ‘উইমেন আননোন’, ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘কনভারসেশন উইথ দ্য সি’ এবং একাধিক পুরস্কারপ্রাপ্ত অ্যানিমেশন চলচ্চিত্র। টিআইএফএফ






