ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত – DesheBideshe

ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত – DesheBideshe


ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত – DesheBideshe

ভোলা, ২ জুন – আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং ভোলার প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা তার নিজ জেলা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা সম্পন্ন হয়।

জানাজায় স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে তাকে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। ভোলার খলিফাপট্টি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিউদ্দিন জানাজার নামাজে ইমামতি করেন।

এই সময় তোফায়েল আহমেদের স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে উপস্থিত সবার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়। জানাজার নামাজ শেষ হওয়ার পর মরদেহ তার নিজ গ্রাম কোড়ালিয়ায় নিয়ে যাওয়া হয়।

সেখানে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা, মা এবং স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে। এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে মরদেহ ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় আনা হয়। তোফায়েল আহমেদের জানাজায় রাজনৈতিক সম্পৃতির উদাহরণ দেখা গেছে।

সেখানে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

১৯৪৩ সালে জন্মগ্রহণ করা তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এস এম/ ২ জুন ২০২৬