মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের ধানিসাফা ইউনিয়ন বাজার শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের শাখা সূত্রে জানা গেছে , শনিবার ভোর পাঁচটার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে, দেয়ালের পাশে এবং দেয়ালের ওপর দিয়ে ভেতরের দিকে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এ সময় দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখে পাশের একটি অফিসের নৈশপ্রহরী ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খালেককে খবর দেন। পরে তিনি আগুন নেভাতে সক্ষম হন।
গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখার ব্যবস্থাপক জসিম জমাদ্দার জানান, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আগুন দেওয়ার চেষ্টা করে। নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিরাপত্তা জোরদারের বিষয়ে আশ্বস্ত করেছেন। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
The post মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.