দিনাজপুরের বিরামপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য অ্যাকাউন্ট নম্বর জমা দিতে নারীদের মধ্যে নগদ অ্যাকাউন্ট খোলার হিড়িক পড়েছে। এ উপলক্ষে শহরের মোবাইল ফ্লেক্সিলোড ও সার্ভিসিং দোকানগুলোতে দিনভর ভিড় করছেন নারীরা।
রোববার (২৯ নভেম্বর) সকালে বিরামপুর শহরের ঢাকামোড় এলাকার ইমরান টেলিকমে গিয়ে দেখা যায়, নগদ অ্যাকাউন্ট খুলতে নারীদের উপচেপড়া ভিড়।
জানা গেছে, বিরামপুর উপজেলায় সম্প্রতি সরকারি উদ্যোগে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদের পাশাপাশি পরিবারের নারী প্রধানের মোবাইল অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন হচ্ছে। ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হতে নারীরা মোবাইল ফোনে নগদ অ্যাকাউন্ট খুলতে ভিড় করছেন। এতে শহরের ফ্লেক্সিলোড ও মোবাইল সার্ভিসিং দোকানগুলোতে ব্যস্ততা বেড়েছে। পাশাপাশি অন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টধারীরাও নতুন করে নগদ অ্যাকাউন্ট খুলতে আগ্রহী হয়ে উঠেছেন।
অ্যাকাউন্ট খুলতে আসা গৃহিণী মৌসুমী আক্তার জানান, তিনি প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে ওই দোকানে এসেছেন। তার মতো আরও অনেক নারী দূরদূরান্ত থেকে শহরে এসে অ্যাকাউন্ট খুলছেন।
দোকানের স্বত্বাধিকারী এমরান হোসেন বলেন, গত কয়েক দিন ধরে মোবাইল অ্যাকাউন্ট খুলতে তার দোকানে নারীদের ভিড় বাড়ছে। প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০টি নগদ অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তিনি।
সূত্র: দৈনিক ইত্তেফাক
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: বিরামপুরে নগদ একাউন্ট খোলার হিড়িক।