মন ছাড়া কি মনের মানুষ রয়? | চ্যানেল আই অনলাইন

মন ছাড়া কি মনের মানুষ রয়? | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের পর আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। মুক্তির আগে এর দ্বিতীয় গান ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ প্রকাশিত হয়েছে।

গানটির রচয়িতা মাতান চাঁদ গোস্বামী (গোসাই); বাংলার লোকসংগীতধারার এক প্রখ্যাত বাউল সাধক ও মহাজনী পদাবলির রচয়িতা। তার আধ্যাত্মিক দর্শনে ভরপুর গানগুলো বাংলা লোকসংস্কৃতির এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।

গানটিতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের কিংবদন্তি দৃষ্টিহীন বাউল সাধক ও শিল্পী কানাই দাস বাউল। নতুন করে সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। দেশিয় লোকবাদ্যের আবহের সঙ্গে আধুনিক ওয়েস্টার্ন ট্র্যাকের সংমিশ্রণে তিনি গানটিকে দিয়েছেন এক সমকালীন অথচ শিকড়নির্ভর আবহ।

ইমন চৌধুরী বলেন, ‘মেজবাউর রহমান সুমন ভাইয়ের মতো একজন ফাইনেস্ট ডিরেক্টরের সঙ্গে কাজ করা সবসময়ই আমার জন্য সৌভাগ্যের। এর আগেও আমরা একসাথে অনেক অসাধারণ কাজ করেছি। তবে এই প্রজেক্টটি আমার জন্য আরও স্পেশাল, কারণ সদ্যপ্রয়াত সাধক ও শিল্পী কানাই দাস বাউলের সঙ্গে আমরা একটি নতুন গান করতে পেরেছি।’

তার কথায়, ‘‘শুরু থেকেই গানটির প্রতি আমাদের এক অন্যরকম অনুভূতি ছিল। গানটিতে এক ধরনের হাহাকার আছে, আছে নীরবতার ও গভীরতা। আমি এবং আমার টিম চেষ্টা করেছি যেন দেশিয় সংগীতের আবেগের সঙ্গে আধুনিক সাউন্ডের একটি ইমোশনাল ফিউশন তৈরি হয়। ব্যক্তিগতভাবে গানটিতে একটি ‘ইনফিনিট ফিল’ দেওয়ার চেষ্টা করেছি।”

মেজবাউর রহমান সুমন বলেন, “মাতান চাঁদ গোসাইয়ের ‘মন ছাড়া কি মনের মানুষ রয়?’ গানটি আমি বহু বছর ধরে শুনে আসছি। গানটি আমার অত্যন্ত প্রিয় এবং আমি সবসময় এটি কানাই দাস বাউলের কণ্ঠেই শুনেছি। যখন ‘রইদ’-এর চিত্রনাট্য লিখছিলাম এবং সিনেমাটির ডেভেলপমেন্ট চলছিল, তখন এই গানটি আমি বারবার শুনতাম। কানাই দাস বাউল অসাধারণ মায়া মাখা কণ্ঠে গানটি গাইতেন।’’

গেল মাসেই প্রয়াত হন এই গানের শিল্পী কানাউ দাস বাউল। তার মৃত্যুর পর আফসোস করে নির্মাতা সুমন ফেসবুকে লিখেছিলেন,“কানাই দাস বাউল আপনি চলে গেলেন, রেখে গেলেন আমাদের কাছে আপনার গাওয়া শেষ গান! গত বছর ‘রইদ’-এর গান রেকর্ডিং এর সময় তার সাথে কথা হচ্ছিল। বললাম আপনি কি সিনেমায় এর আগে গান করেছেন? বল্লেন কেউ ডাকেনি তো! মাতান চাঁদ গোসাই-এর এই গানটি আপনার কণ্ঠে বহুবার শুনেছি। কিছুদিন পর গানটি প্রকাশ পাবে। শেষ হবার পর শুনতে চেয়েছিলেন। আপনার আর শোনা হলো না…।”

বাংলার লোকজ আত্মা, বাউল দর্শনের গভীরতা এবং সমকালীন সংগীত নির্মাণের মেলবন্ধনে ‘মন ছাড়া কি মনের মানুষ রয়?’ ইতোমধ্যেই হয়ে উঠেছে রইদ চলচ্চিত্রের অন্যতম আলোচিত অনুষঙ্গ। দর্শক-শ্রোতাদের জন্য গানটি সকল ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত হয়েছে।