পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাসভবনের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সরানো হয়েছে।
বুধবার ৬ মে সকালে তার ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর বাসভবন এবং কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সরানো হয়।
এর আগে মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ছয়টা থেকে এই স্থানগুলোতে আর অতিরিক্ত নিরাপত্তা বাহিনী থাকবে না।
এর আগে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর বাসভবন এবং কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যেত। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই অবশ্য একটু একটু করে মমতা ব্যানার্জীর বাসভবনের কাছে চিত্র বদলাচ্ছিল।
এদিকে, রাজ্যে ভোট পরবর্তী সহিংসতার অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সময় পুলিশ কমিশনার অজয় কুমার নন্দকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হঠাৎই কিছু হয়নি। নিরাপত্তার একাধিক স্তর থাকে, তা রিভিউ-এর পর অতিরিক্ত স্তরটুকুই কমানো হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী যে নিরাপত্তা থাকা দরকার সেটি এখনো মোতায়েন রয়েছে।”
তিনি জানিয়েছেন, এখনো এই বিষয় সংক্রান্ত পদক্ষেপ জারি হওয়া নোটিশ মেনেই নেওয়া হয়েছে।
অন্যদিকে, বিষয়টি ‘প্রাসঙ্গিকই’ নয় বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জীকে ভবানীপুর কেন্দ্রে ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন।
তিনি বলেন, “আমি এই নিয়ে মন্তব্যই করব না। যখন (মন্তব্য) করার তখন করেছি, এখন এটা প্রাসঙ্গিকই নয়।”






