যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান – DesheBideshe

যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান – DesheBideshe


যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান – DesheBideshe

তেহরান, ৬ মে – যুদ্ধ সংঘাতের অবসান ঘটাতে একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল। পাকিস্তানি ওই সূত্রটি রয়টার্সের কাছে খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা সামরিক অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে যে তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সুনির্দিষ্ট সমঝোতায় পৌঁছাতে পারছে।

শান্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানি সূত্রটি আরও জানিয়েছে যে তারা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানবে কারণ উভয় পক্ষই সমঝোতার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে চূড়ান্ত জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সম্ভাব্য এই চুক্তির শর্তাবলি সম্পর্কে জানা গেছে যে চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। এছাড়া উভয় পক্ষই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ৬ মে ২০২৬