<![CDATA[
মাদারীপুরে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই কলেজছাত্র হলেন: সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জাকির মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৮) ও একই এলাকার শাহাবুদ্দিন শেখের ছেলে নাঈম শেখ (১৮)। তারা দুজনই মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ইফতার শুরু হওয়ার আগে সৌরভ ও তার কয়েকজন বন্ধু বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় ঘুরতে যান। ইফতারের সময় হলে তারা ওই এলাকার একটি খোলা মাঠে ইফতারি নিয়ে বসেন। এ সময় ওই এলাকার সিফাত বেপারি ও তার সহযোগীরা মাঠ থেকে সৌরভ ও তার বন্ধুদের চলে যেতে বলে। সৌরভ ও তার বন্ধুরা ইফতার শেষ করে মাঠ ছাড়ার কথা বলায় তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় সিফাত ও তার সহযোগীরা। সৌরভ ও তার বন্ধু নাঈমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত সৌরভ ও তার বন্ধু নাঈমকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: দুই কলেজছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. ফয়জুর রহমান বলেন, ‘সৌরভের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। নাঈমের ঘাড়ে ছোট আঘাত। সৌরভ শঙ্কামুক্ত নয়। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এখনও এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সদর থানার মধ্যে কোনো ঘটনা ঘটেনি। তবে যারা আহত হয়েছে তাদের দুজনের বাড়ি সদর থানার মধ্যে। ভুক্তভোগীদের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তা রাজৈর থানায় দিতে হবে।’
]]>


