
বলিউড অভিনেত্রী রানী মুখার্জীর মা কৃষ্ণা মুখার্জী আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানী মুখার্জীর মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জী আজ দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন।” একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, ‘এই গভীর শোকের সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করছি।’
মায়ের সঙ্গে রানী মুখার্জীর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। বিভিন্ন সময় সাক্ষাৎকারে মায়ের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও অনুপ্রেরণার কথা বলেছেন অভিনেত্রী।
বিশেষ করে ২০২৩ সালের ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় বাঙালি মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে কৃষ্ণা মুখার্জী ছিলেন রানীর অন্যতম বড় অনুপ্রেরণা। সিনেমাটিতে সন্তানদের ফিরে পেতে লড়াই করা এক মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি।
সিনেমাটির প্রচারণার সময় রানী জানিয়েছিলেন, বাস্তব চরিত্র সাগরিকার বিভিন্ন ভিডিও ও তথ্য তিনি দেখেছিলেন। তবে চরিত্রটিকে নিজের মতো করে তুলে ধরতে তিনি মায়ের আচরণ ও ব্যক্তিত্ব থেকেও অনেক কিছু নিয়েছেন।
রানীর ভাষায়, তার মা ছিলেন ‘সবচেয়ে বাঙালি মানুষ’, যাকে তিনি চেনেন। সন্তানদের হাতে করে খাওয়ানো, কপালে টিপ পরিয়ে দেওয়া- মায়ের এমন নানা অভ্যাস থেকেই তিনি চরিত্রটির জন্য শক্তি ও অনুপ্রেরণা পেয়েছেন।
কৃষ্ণা মুখার্জী নিজেও একসময় প্লেব্যাক গায়িকা ছিলেন। তিনি বিয়ে করেছিলেন চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জীকে। রাম মুখার্জী ফিল্মালায়া স্টুডিওসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১৭ সালে মারা যান তিনি। এনডিটিভি
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
