
কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আর্থিক সংকটের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছিল এমন খবর ছড়িয়ে পড়ার পর রিফাত চৌধুরীর পাশে দাঁড়াচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাচ্ছি, কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে তার চিকিৎসাও ঠিকমতো করাতে পারছেন না।’
তিনি আরও বলেন, রিফাত চৌধুরীকে ব্যক্তিগতভাবে চেনেন, তার কবিতা বা অভিনয়ের ভক্ত, সহকর্মী এবং টেলিভিশন ও সিনেমা অঙ্গনের বিভিন্ন সংগঠনসহ সংশ্লিষ্ট সবাই যেন সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ান।
চঞ্চল লেখেন, ‘আমরা সবাই ওনার পাশে থাকলে, উনি একা নন! আমরা কেউই জানি না, কার জীবনে কখন কোন বিপদ আসবে। মানুষ মানুষের জন্য… মানবতার জয় হোক।’
এদিকে রিফাত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘আমি যোগাযোগ করেছি, তার খোঁজ নিয়েছি। রিফাত ভাই একা নন। আমি তার পাশে আছি। তাঁর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমিসহ আমাদের সংগঠনগুলো তার পাশে থাকবে।’
রিফাত চৌধুরীর সঙ্গে সার্বক্ষণিক রয়েছেন চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, চঞ্চল চৌধুরী ফোন করে রিফাতের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তার চিকিৎসা যাতে যথাযথভাবে হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
শ্বাসকষ্ট, অনিদ্রা, পায়ের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ১৪ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন। কেবিন না পেয়ে ওয়ার্ডেই এতদিন তার চিকিৎসা চলছিল তার। তবে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর, সোমবার রাত তাকে কেবিনে দেয়া হয়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
