LATEST
ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী মানামা যুক্তরাজ্যে ৭০ কিশোরীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানি: ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড ‘ভারতে নেই, বাংলাদেশে পুনর্বিচারের পরামর্শ কেন’: চিফ প্রসিকিউটর মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড স্পেলিং স্টারের সেরা-১২তে যারা Princess of Wales to make first long-haul trip since cancer diagnosis ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সংসদ ভবনে আসা শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রীর ৩ পরামর্শ
Top News

মিয়ানমারের রাখাইনে বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের রাখাইনে বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২
বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা

নেপিডো, ১৪ নভেম্বর-মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে রাখাইনের রাজধানী সিত্তের উত্তর-পূর্বাঞ্চলের পোনাগুন শহরের বিয়ার লা আইডিপি শিবিরে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। হামলায় নিজের মেয়ে, খালা ও মাকে হারানোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ২৭ বছর বয়সী দোকানদার চিত সু ওয়াই।

তিনি বলেন, ‘‘আমি শুধু দেখতে পেয়েছিলাম, যন্ত্রণায় তাদের মরদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এসব বর্ণনা করার মতো কোনো ভাষা আমার নেই। আর আমরা সবাই কান্নায় দিশেহারা হয়ে পড়েছিলাম।’’

চিত সু বলেন, তাদের পরিবারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানে তার পরিবারের সদস্যরা ছাড়া আর কেউ ছিল না। তারা যুদ্ধবিমানের কোনো শব্দ শুনতে পাননি, কিন্তু হঠাৎ করে বিমান এসে বোমা ফেলে যায়।

দেশটির সামরিক বাহিনী পাঁচ বছর আগে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে দেশটির গণতন্ত্রকামী কর্মী এবং প্রান্তিক অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকারী জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলো সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে।

এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি মিয়ানমারের পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্য। জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এই রাজ্য অবরুদ্ধ করে রেখেছে সামরিক বাহিনী। একই সঙ্গে রাজ্যটিতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও গণতন্ত্রকামীদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী।

তবে শুক্রবারের এই হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

চিত সু ওয়াই জানান, শুক্রবার রাতের হামলায় ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধার ও জরুরি সেবা সংস্থা ফিউসিন ইয়িন খুইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইন হেইন হটেটও মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে। ওই শিবিরে অনেক বাসিন্দা চার বছর ধরে বসবাস করে আসছিলেন। সামরিক বাহিনীর হামলায় আরও ১৮ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

২৪ বছর বয়সী এই উদ্ধারকর্মী বলেন, শিবিরটিকে নিরাপদ মনে করেই সবাই সেখানে আশ্রয় নিয়েছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বেশিরভাগ ভুক্তভোগী একই জায়গায় মারা গেছেন।

তিনি বলেন, ‘‘এই শিবিরটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না। আমরা কখনো ভাবতেও পারিনি যে বাস্তুচ্যুত মানুষের এই শিবিরকেও লক্ষ্যবস্তু করা হবে।’’

ধসে গেছে ঘরবাড়ি

শনিবার ওই গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে শুধু বাঁশের তৈরি ধসে পড়া ঘরবাড়ির স্তূপ পড়ে আছে। এর সঙ্গে গৃহস্থালি সামগ্রী ও কাপড়ের আবর্জনার মধ্যে উল্টে পড়ে রয়েছে গাড়ির ধ্বংসাবশেষ। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর বিমান হামলায় নিহতদের মরদেহ হলুদ ও লাল প্লাস্টিকে মুড়িয়ে অস্থায়ী কবরে দাফন করেছেন।

৪৫ বছর বয়সী অটোরিকশাচালক অং কিয়াও মিন হামলার খবর শোনার পর তার ভাই ও বোনের বসবাস করা গ্রামে কীভাবে ছুটে গিয়েছিলেন, সেই অভিজ্ঞতার কথা এএফপিকে জানিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার বোনের শরীরটি ছিল মাথাবিহীন। আর তার ভাই মৃত অবস্থায় পড়ে ছিলেন।

পরের দিন তিনি জানতে পারেন, তার মাও মারা গেছেন। এ ছাড়া ১০ বছর বয়সী একটি শিশুসহ তার অন্য আত্মীয়রাও নিখোঁজ রয়েছেন।

তার বোন পেশায় দর্জি ছিলেন। তিনিই তাদের মায়ের দেখাশোনা করতেন। তার ভাইও একজন অটোরিকশাচালক ছিলেন। তিনি বলেন, এখন তার বোন, ভাই ও মা—সবাই নিহত হয়েছেন। তার ভাগ্নি ও ভাতিজারা এখনো নিখোঁজ রয়েছে। তিনি জানেন না, তাদের কোথায় খুঁজে পাবেন।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি বলছে, মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সব পক্ষের সংঘাতে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মিয়ানমারের রাখাইনে বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news