বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে বড় ও গৌরবের অর্জন মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় এই স্বাধীনতা। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমাদের ইতিহাস, অস্তিত্ব ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও মুক্তিযুদ্ধের ইতিহাস, আবেগ ও চেতনাকে নিজের সাহিত্য ও নির্মাণে বারবার তুলে ধরেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ। তার লেখায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের ভয়াবহতা, সাধারণ মানুষের অসহায়ত্ব, মুক্তিকামী মানুষের সাহস এবং স্বাধীনতার স্বপ্ন। প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের ইতিহাস ও অনুভূতি পৌঁছে দিতে তার সৃষ্টিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মুক্তিযুদ্ধ নিয়ে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাস ‘জোছনা ও জননীর গল্প’। অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেছেন অসাধারণ সংবেদনশীলতায়। সরাসরি যুদ্ধের দৃশ্যের চেয়ে যুদ্ধের সময় মানুষের জীবন, আতঙ্ক, প্রতিরোধ ও স্বপ্নকে পর্দায় তুলে ধরেছেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক তার পরিচালিত দুটি চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ ও ‘শ্যামল ছায়া’ এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধ নির্ভর সিনেমা‘আগুনের পরশমণি’ দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন হুমায়ূন আহমেদ। ১৯৯৪ সালে মুক্তি পায় সিনেমাটি। নিজের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে ১৯৭১ সালের অবরুদ্ধ ঢাকার একটি পরিবারের গল্প। মুক্তিযুদ্ধের ভয়াবহ সময়, চারপাশে পাকিস্তানি বাহিনীর তল্লাশি, কারফিউ আর মৃত্যুভয়ের মধ্যে কীভাবে সাধারণ মানুষ দিন কাটিয়েছেন, সেই চিত্রই ফুটে উঠেছে সিনেমাটিতে। চলচ্চিত্রের গল্পে মতিন সাহেবের পরিবারের আশ্রয়ে আসে তরুণ মুক্তিযোদ্ধা বদি। একের পর এক গেরিলা অভিযানে অংশ নেওয়া বদি ও তার সহযোদ্ধাদের সাহসিকতা, আত্মত্যাগ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা গল্পকে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েও নির্যাতনের মুখে মাথা নত করেন না মুক্তিযোদ্ধা রাশেদুল করিম। যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি মুক্তিকামী মানুষের অদম্য মনোবলও উঠে এসেছে এতে। চলচ্চিত্রের শেষ দৃশ্যটি বিশেষভাবে স্মরণীয়। গুলিবিদ্ধ বদি বেঁচে থাকবে কি না, সেই অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। শেষ পর্যন্ত অন্ধকার রাত পেরিয়ে সূর্যের আলো ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা যেন স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। বদির হাত বাড়িয়ে সূর্যের আলো ছুঁয়ে দেখার দৃশ্যটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক আবেগঘন মুহূর্ত হয়ে আছে। বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর, শিলা আহমেদ, দিলারা জামানসহ একঝাঁক শিল্পী অভিনয় করেছেন চলচ্চিত্রটিতে। সংগীত পরিচালনা করেছেন সত্য সাহা। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট আটটি বিভাগে পুরস্কার অর্জন করে। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান বিপাশা হায়াত। এছাড়া কাহিনি ও সংলাপ রচনায় পুরস্কৃত হন হুমায়ূন আহমেদ। ‘আগুনের পরশমণি’র এক দশক পর ২০০৪ সালে মুক্তি পায় হুমায়ূন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক আরেক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’। এই সিনেমায় তিনি যুদ্ধের সরাসরি দৃশ্য দেখানোর বদলে যুদ্ধকালীন মানুষের আতঙ্ক, অনিশ্চয়তা, বেঁচে থাকার সংগ্রাম ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় নদীপথে পালিয়ে যাওয়া একদল মানুষের যাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্রটির গল্প। তাদের প্রত্যেকের জীবনে রয়েছে আলাদা অভিজ্ঞতা, ভয় ও স্বপ্ন। চারপাশে যুদ্ধের বিভীষিকা, সামনে অনিশ্চিত গন্তব্য। এমন পরিস্থিতিতে মানুষের সম্পর্ক, মানবিকতা, সাহস এবং বেঁচে থাকার আকুতি কীভাবে প্রকাশ পায়, তা সংবেদনশীলভাবে তুলে ধরেছেন নির্মাতা। ‘শ্যামল ছায়া’য় অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, শাওন, শিমুল, রিয়াজ, স্বাধীন খসরু, সৈয়দ আখতার আলী, তানিয়া আহমেদ, আহমেদ রুবেল, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, শামীমা নাজনীনসহ আরও অনেকে। চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। ২০০৬ সালে অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয় ‘শ্যামল ছায়া’। মুক্তিযুদ্ধের গল্পকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি ছিল উল্লেখযোগ্য একটি উদ্যোগ। ‘আগুনের পরশমণি’ ও ‘শ্যামল ছায়া’ দুটি চলচ্চিত্রেই হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধকে দেখেছেন সাধারণ মানুষের চোখ দিয়ে। একটিতে অবরুদ্ধ ঢাকার একটি পরিবারের জীবন ও গেরিলা যোদ্ধাদের প্রতিরোধের গল্প, অন্যটিতে যুদ্ধের মধ্যে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে চলা মানুষের জীবনসংগ্রাম। নির্মাণশৈলী ও গল্প বলার ধরনে পার্থক্য থাকলেও দুটি চলচ্চিত্রের মূল সুর এক, স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগ এবং মুক্তির অদম্য আকাঙ্ক্ষা। হুমায়ূন আহমেদের এই চলচ্চিত্রগুলো কেবল মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাপ্রবাহ তুলে ধরে না, বরং সেই সময়ের মানুষের অনুভূতি ও অভিজ্ঞতার সঙ্গে দর্শককে যুক্ত করে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাধীনতার মূল্য উপলব্ধি করতেও সহায়তা করে। সময় পেরিয়ে গেলেও তাই ‘আগুনের পরশমণি’ ও ‘শ্যামল ছায়া’ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ দুই সৃষ্টি হয়ে থাকবে।
মুক্তিযুদ্ধের গল্পে হুমায়ূনের দুই কালজয়ী সিনেমা
The Right to Talk | https://righttotalk.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be/