
ভারতীয় চলচ্চিত্রে শোকের ছায়া নেমে এসেছে অভিনেতা মুশতাক খানের মৃত্যুতে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫৬ বছর বয়সে মারা যান ‘ওয়েলকাম’, ‘গদর: এক প্রেম কথা’ ও ‘স্ত্রী ২’-এর মতো সিনেমায় অভিনয় করা এই অভিনেতা।
ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুশতাক খানের মৃত্যুর পর আবেগঘন স্মৃতিচারণ করেছেন অভিনেতা রাজপাল যাদব। তিনি জানিয়েছেন, মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে হাসপাতালে গিয়ে মুশতাকের সঙ্গে দেখা করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাজপাল লেখেন, শেষবার দেখা হওয়ার সময় মুশতাক তার উপস্থিতি বুঝতে পেরেছিলেন এবং হাত মিলিয়েছিলেন। এমন একটি মুহূর্তের মাত্র কয়েক ঘণ্টা পরই যে তাকে হারাতে হবে, তা মেনে নিতে পারছেন না রাজপাল।
প্রথমে হাসপাতালের সেই সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন রাজপাল। পরে ভিডিওটি সরিয়ে মুশতাকের একটি ছবি পোস্ট করে তাকে স্মরণ করেন তিনি। ভিডিওতে দেখা যায়, নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মুশতাকের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন রাজপাল।
মুশতাকের ব্যবসায়িক অংশীদার শিবম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মারা যান অভিনেতা। তার ফুসফুসের ক্যানসার আবারও ফিরে এসেছিল এবং সেটি শেষ পর্যায়ে পৌঁছেছিল। মৃত্যুর আট দিন আগে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।
মুশতাক খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউডের আরও অনেক অভিনেতা। সানি দেওল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘দারুণ অভিনেতা’ ও ‘ভালো মানুষ’ হিসেবে স্মরণ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে মুশতাক খান অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুস্সা কিউঁ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ‘আশিকি’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘মুঝসে শাদি করোগে’সহ বিভিন্ন জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন মুশতাক খান। তার মৃত্যুতে শোকাহত সহকর্মী ও ভক্তরা। ·
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




