পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের গ্রামের বাড়ি থেকে মেয়ে রিমাকে (১৪) সঙ্গে নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক দেখাতে এসেছিলেন মিজান বেগম। দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পেছনে সরে যান তিনি।
এ সময় সড়ক বিভাজকের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান মিজান বেগম।
প্রথমে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ক্যান্টনমেন্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বোনের স্বামীর নাম মোহাম্মদ আলী। পরিবারসহ কিশোরগঞ্জ সদরের সুলতানপুরে থাকতেন তাঁর বোন।




