LATEST
দেশে প্রথমবার হিমোফিলিয়া চিকিৎসায় জাতীয় নির্দেশিকা প্রণয়ন প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা সরকারের শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী তামিলনাড়ুতে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা ‘Mushroom killer’ appeals case to Australia’s top court: media শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, শুকুর অশ্রুসিক্ত বিদায় From $50 Million in Content Revenue to International AI Film Presales, Reverse Clock Expands Its Global Entertainment Business
Top News

মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন

মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল। নম্বরপত্রের সেই ছবি কীভাবে ফাঁস হলো কেউ জানে না। তাতে আলোচনাও অবশ্য থেমে নেই। কারণ, নম্বরপত্রটি লিওনেল মেসির এবং তার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই।

সম্পর্ক যা আছে, সেটা মেসির স্কুলজীবনে পড়াশোনার। ১৩ বছর বয়সে মেসি পড়তেন রোজারিওতে ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে। সেখানে সপ্তম শ্রেণিতে পড়াকালীন তাঁর নম্বরপত্রই ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কোন পরীক্ষার নম্বরপত্র তা জানা যায়নি।

মেসি তখন তাঁর শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন। স্বাভাবিকভাবেই ফুটবল নিয়ে পড়ে থাকতেন বেশির ভাগ সময়। গুরুজনেরা যেমন বলেন, খেলায় মেতে থাকলে পড়াশোনা হয় না—এ কথাটা মেসির ক্ষেত্রে পুরোপুরি সত্য বলে প্রমাণ হয় না। অন্তত তাঁর সপ্তম শ্রেণির নম্বরপত্র দেখে তেমনই মনে হয়।

নম্বরপত্রটি দেখলে ভবিষ্যতের মেসি সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন যে কেউ। শারীরিক শিক্ষায় পেয়েছেন দশে দশ অর্থাৎ ‘পারফেক্ট টেন’। শিল্প ও সংগীতে পেয়েছেন ৮, গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তিতে পেয়েছেন ৬ নম্বর করে। ‘নৈতিকতা ও নাগরিক শিক্ষা’য় পেয়েছেন ৭ নম্বর। এ বিষয়টি পৌরনীতি নামেও পরিচিত।

মেসি এখন খেলেন ইন্টার মায়ামিতে

পড়াশোনার সময়টুকু বাদে মেসি প্রায় সারা দিনই পড়ে থাকতেন ফুটবল নিয়ে। শারীরিক শিক্ষায় তাঁর খুব ভালো করাটাই তাই স্বাভাবিক। শিল্প ও সংগীতে ওই বয়সেই তাঁর খানিকটা দখলের কারণ অন্যভাবে আন্দাজ করে নিতে হয়। পরিবার তো সংস্কৃতিমনা ছিলই পাশাপাশি মেসির ফুটবল খেলার ধাঁচও নিশ্চয়ই খেয়াল করেছেন? অনেকেই সেই খেলাকে ধ্রুপদি শিল্প কিংবা সংগীতের সঙ্গে মেলান এখনো। অর্থাৎ এসব বিষয়ে হয়তো জন্মগতভাবেই কিছুটা দখল ছিল কিংবদন্তির।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, নম্বরপত্রে স্কুলে মেসির পারফরম্যান্সের গড়পড়তা চিত্র উঠে এলেও তাঁর শিক্ষকেরা উল্লেখ করেছিলেন যে খেলাধুলাসংশ্লিষ্ট সব বিষয়ে সে বিশেষ প্রতিভাবান।

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিত শিক্ষক আন্দ্রেয়া সোসা তাঁকে শান্ত ও লাজুক ছেলে হিসেবে বর্ণনা করেন। তবে মেসি ক্লাসের কার্যক্রমে খুব একটা অংশ নিতেন না সেটাও বলেছেন সোসা। এর আগে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে বলেন, ‘সে খুব শান্ত ছেলে ছিল, লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। তবে ফুটবল খেলতে খেলার মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।’

লাস হেরাস স্কুলে পড়াকালীন সময়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে মেসি (সামনে বসে থাকা সারিতে বাঁ থেকে সপ্তম)

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির সংযত স্বভাব এবং ফুটবলের প্রতি অনুরাগ তুলে ধরেন, ‘সে খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল; সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন।’

মেসি নিজেও এর আগে স্বীকার করেছেন, পড়াশোনা কখনোই তাঁর সবচেয়ে শক্তির জায়গা ছিল না। রোজারিওতে শৈশব স্মরণ করে বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’ বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে যেতেন বলেও জানিয়েছিলেন।

আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও

বার্সেলোনায় চলে যাওয়ার পরও তাঁর ছাত্রজীবনে বড় কোনো বদল আসেনি। মেসি জানিয়েছেন, ক্লাসে তাঁরা খুব মজা করলেও পড়াশোনার প্রতি আগ্রহ অগ্রাধিকারের তালিকায় ছিল না। তাঁর ভাষায়, ‘যেভাবে পেরেছি, সেভাবেই চালিয়ে নিয়েছি; আর দ্রুত পার পেতে আমরা সবাই একে অপরকে সাহায্য করেছি।’

স্কুলের সেই ছেলেটি এখন ফুটবল মাঠের কিংবদন্তি। লিওনেল মেসি

শৈশবের স্কুল ভোলেননি মেসি

আর্জেন্টাইন কিংবদন্তি এখন ইতিহাসেরই সেরা ফুটবলারদের একজন। বিশ্বকাপ জিতেছেন দেশের হয়ে। বার্সেলোনার হয়ে ইউরোপের ক্লাব ফুটবলে এমন কিছু নেই যে জেতেননি। ৩৯ বছর বয়সে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানেও শিরোপা জেতা মেসি এত বড় মাপের তারকা হয়েও কিন্তু শৈশবের স্কুলের কথা ভুলে যাননি।

তারকা হয়ে ওঠার পর মেসি একাধিকবার লাস হেরাস স্কুলে গিয়েছেন। বিভিন্ন অনুদান দিয়েছেন। এতে কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পেয়েছে স্কুলটি। খেলার মাঠের বেঞ্চগুলোও সারানো সম্ভব হয়েছে, এক সময় যেখানে পাঠদানকালীন বিরতিতে খেলতেন মেসি।

রোজারিওর লাস হেরাস এলাকায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠান আর্জেন্টাইন কিংবদন্তির শৈশবের স্মৃতিময় জায়গা। তাঁর স্কুলে পড়াকালীন সেই সময় পুরোনো নিউজলেটার আবার প্রকাশের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। তবে নম্বরপত্রের ছবিটি কীভাবে ফাঁস হলো তা জানা যায়নি।

More in Top News

View all

Latest news