যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় আসবে আগামী ৪ মে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার ৩০ এপ্রিল ফ্লোরিডার টম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে জামিল লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ আগামী ৪ মে ঢাকায় পাঠানো হবে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, মরদেহ নিয়ে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ০২২০ নম্বর ফ্লাইট রওনা দেবে। যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ট্রানজিট নির্ধারিত রয়েছে। এরপর এমিরেটস এয়ারলাইন্সের ০৫৮২ নম্বর ফ্লাইটে তার মরদেহ আগামী সোমবার ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
ঢাকায় পৌঁছানোর পর লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার।





