নেপালে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং। সেই শুটিংয়ে বিগত কয়েকদিন ধরে কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিনরা অংশ নিয়েছেন। তাদের সঙ্গে নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপাও যুক্ত হয়েছেন। চ্যাপ্টার ১২-তে সেই দৃশ্যগুলো উঠে আসবে।
নির্মাণের পাশাপাশি অমি এবার প্রযোজনাও করছে। আগে শুটিংয়ের প্ল্যান করলেও ব্যাটেবলে মেলেনি। নেপাল থেকে অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, এবার যেহেতু প্রযোজনা করছি শুধুমাত্র কনটেন্টের ব্যবসার কথা ভাবছি না। নিজেই যেহেতু লিখি অনেক কিছু ভুলে যেটা লিখি সেই গল্পগুলো তুলে ধরে চাই। আগে ভেবেছিলাম ওরা সবাই নেপাল এলে কী কী করবে! আমি যেটা ভেবেছিলাম খরচের কথা না ভেবে আবেগের জায়গা থেকে সবাই নিয়ে নেপালে ১০দিনের জন্য শুটিং করছি। এর আগে র্যাকি করেছি। প্রতিটি দৃশ্যে আনন্দ করে শুটিং করছি।
অমি আরও বলেন, আসন্ন চ্যাপ্টার ১২ দর্শক ইন্টারন্যাশনাল মানের ওয়েব সিরিজ যেভাবে হয় সেভাবেই শুটিং করার চেষ্টা করছি।
ব্যাচেলর পয়েন্টের সদস্যরা কে কোন গল্পের জেরে নেপালে গেল সেটাও মজার কিছু উল্লেখ করে অমি বলেন, ভবিষ্যতে হয়তো আরও অন্য জায়গায় হয়তো যাবো। যারা শুটিং করছে তারা প্রত্যেকেই ব্যাচেলর পয়েন্টের অরিজিনাল গ্যাং! তাদের একসঙ্গে ফ্রেমে দেখলে আমি নস্টালজিক হয়ে পড়ি। দর্শকও তাদের দেখে ইমোশনালি কানেক্ট করে। হয়তো ব্যাচেলর পয়েন্টে সামনে আরও অনেকেই আসবে।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ সাফল্যের ধারাবাহিকতায় চলছে চ্যানেল আই টিভি, বুম ফিল্ম ও বঙ্গ- তিন মাধ্যমে প্রচারিত হচ্ছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেলের সঙ্গে নতুন করে ফিরে এসেছেন শামীম হাসান সরকার। আরও রয়েছেন- মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া, জায়েফ প্রমুখ।





