রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে | চ্যানেল আই অনলাইন

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে | চ্যানেল আই অনলাইন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। দিনব্যাপী এ আয়োজনে থাকছে আলোচনা, সংগীত, সাক্ষাৎকার এবং রবীন্দ্রনাথের কালজয়ী গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘শাস্তি’।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শাস্তি’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন মমতাজ উদ্দিন আহমেদ।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, রিয়াজ, পূর্ণিমা, শহিদুল আলম সাচ্চু, এটিএম শামসুজ্জামান ও নাসরিনসহ আরও অনেকে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও খন্দকার নুরুল আলম। চিত্রগ্রহণে ছিলেন মজিবুল হক ভুঁইয়া এবং সম্পাদনায় আতিকুর রহমান মল্লিক।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শাস্তি’ বাংলাদেশের চলচ্চিত্রে রবীন্দ্রসাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্রায়ন হিসেবে স্বীকৃত। পরে ২০০৬ সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘সুভা’ নির্মাণের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের আরেকটি গল্প চলচ্চিত্রে রূপ পায়।

‘শাস্তি’র গল্পে দেখা যায়, প্রেম করে বিয়ে করা ছিদাম (রিয়াজ) ও চন্দরা (পূর্ণিমা) যৌথ পরিবারে বসবাস শুরু করেন। বড় ভাই দুখিরাম (ইলিয়াস কাঞ্চন) এবং তার স্ত্রী রাধা (চম্পা)-কে ঘিরে চলতে থাকে সংসারের টানাপোড়েন। একদিন জমিদারের নির্যাতনের শিকার হয়ে ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরে দুখিরাম। এরপর পারিবারিক কলহের এক পর্যায়ে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা, যা পুরো কাহিনীকে নিয়ে যায় অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে।

এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’-এর বিশেষ পর্ব। সকাল ৯টা ৪৫ মিনিটে থাকছে জিল্লুর রহমানের ‘তৃতীয় মাত্রা’, আর দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তারকাকথন’।

বিশ্বকবির সাহিত্য, দর্শন ও শিল্পভাবনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দিনব্যাপী এই বিশেষ আয়োজন সম্প্রচার করবে চ্যানেল আই।