রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। বিশেষ করে সবজি ও কাঁচা মরিচের উচ্চমূল্যে সপ্তাহের বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
আজ (৩১ জুলাই) শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ও মিষ্টি কুমড়া ছাড়া অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি প্রায় ১০০ টাকার আশপাশে। আর কাঁচা মরিচের দাম বেড়ে কেজিতে ৪০০ টাকা ছুঁয়েছে। বাজারে সাধারণ মানের চালের দাম অপরিবর্তিত থাকলেও পোলাও-এর চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ২০০ টাকায়।
সপ্তাহের বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সোহেল বলেন, বাজারে এসে প্রয়োজনীয় সব পণ্য কেনা সম্ভব হচ্ছে না। দাম বেশি হওয়ায় অনেক পণ্যই বাদ দিতে হচ্ছে। বিশেষ করে সবজি ও কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনগুলোতেও নিত্যপণ্যের দাম উচ্চ পর্যায়েই থাকতে পারে। ক্রেতাদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে সংসারের ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। সীমিত আয়ে পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে সবচেয়ে বেশি চাপ অনুভব করছেন নিম্ন ও মধ্যবিত্তরা।




