
নয়াদিল্লি, ২৩ জুলাই – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে পরিচালিত বিক্ষোভ কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো। দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়নের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিকে তিনি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হিসেবে অভিহিত করেন।
বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গীতাঞ্জলি অ্যাংমো বলেন, কংগ্রেস নেতাদের উচিত ছিল রাজনীতিকরণ না করে সরাসরি শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানো। তিনি অভিযোগ করেন, রাজনীতিবিদরা এখন সোনম ওয়াংচুক এবং তার সুনামকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন। তবে সচেতন তরুণ সমাজকে এভাবে বিভ্রান্ত করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
এদিকে সোনম ওয়াংচুকের আমরণ অনশন কর্মসূচি ২৬তম দিনে গড়িয়েছে। গত সপ্তাহে যন্তর মন্তর থেকে পুলিশ সরিয়ে নেওয়ার পর বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনশন চালিয়ে যাচ্ছেন।
গীতাঞ্জলি অ্যাংমো মনে করেন, প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে আয়োজিত সেই বিক্ষোভে আন্তরিকতার অভাব ছিল। তিনি বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা সচেতন এবং তারা যেকোনো ধরনের লোক দেখানো কর্মকাণ্ড প্রত্যাখ্যান করতে জানে।
গত সোমবার শিক্ষার্থীদের সংসদ ভবনমুখী পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গ বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা। সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে রাহুল গান্ধী আহত হন। কংগ্রেস এই ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও গীতাঞ্জলি অ্যাংমো একে কেবল প্রতীকী রাজনীতি হিসেবে দেখছেন।
অক্সফোর্ড ইউনিভার্সিটির এই শেভনিং স্কলার আরও বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো সরাসরি সম্পর্ক নেই। তিনি স্পষ্ট করেন যে, সংসদই তাদের কাছে সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং তারা চান শিক্ষাকে মৌলিক বিষয় হিসেবে গণ্য করা হোক। তবে সাধারণ মানুষ হিসেবে যে কেউ এই আন্দোলনে সংহতি প্রকাশ করতে পারেন বলে তিনি জানান।
অনশন ভাঙার শর্ত হিসেবে সোনম ওয়াংচুক সরকারের কাছে নিশ্চয়তা চেয়েছেন যে, সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইতিবাচক আশ্বাস পাওয়ায় তিনি তার প্রাথমিক কিছু দাবি শিথিল করেছেন বলে জানা গেছে।
এনএন/ ২৩ জুলাই ২০২৬






