রুশ তেল কেনায় ভারত-চীনসহ ৫ দেশে ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র – DesheBideshe

রুশ তেল কেনায় ভারত-চীনসহ ৫ দেশে ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র – DesheBideshe


রুশ তেল কেনায় ভারত-চীনসহ ৫ দেশে ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র – DesheBideshe

ওয়াশিংটন, ৮ আগস্ট – রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে ভারত ও চীনসহ অন্তত পাঁচটি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে।

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল গত শুক্রবার পাস হয়েছে।

রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬ শীর্ষক এই বিলটি উত্থাপন করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও প্রয়াত সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম। বিলটিতে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যেসব দেশ রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও পণ্য ক্রয়ের মাধ্যমে যুদ্ধের তহবিল জোগাচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ১০০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র।

সিনেটে বিলটির ওপর ভোটাভুটিতে ১০০ জন সদস্যের মধ্যে ৮৬ জন এর পক্ষে এবং ১১ জন বিপক্ষে মত দেন। বাকি তিনজন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন। সিনেটে অনুমোদনের পর বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে পাঠানো হবে।

আগামী ৩১ আগস্ট থেকে প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার পর সেখানে বিলটি ভোটের জন্য তোলা হবে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে পাঠানো হবে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পর এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।

এই বিলটি আইনে রূপ নিলে ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান হাঙ্গেরি এবং স্লোভাকিয়াও বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। এই দেশগুলো বর্তমানে তাদের জ্বালানি চাহিদার জন্য রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

বিলটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপরও নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বর্ধিত করার কথা বলা হয়েছে এই বিলে।

এনএন/ ৮ আগস্ট ২০২৬