LATEST
মিয়ানমারে জাতিগত নিধন চালানো হয়েছে কি না, এ সপ্তাহে আইসিজেতে রায় Iranian drones attack radar system at US military base in Bahrain মা হলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’, ফোনে মিতুকে হুমকি তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা নেই, মাঠে কঠোর নজরদারিতে এসআরবি: উইং কমান্ডার ইন্তেখাব চিকিৎসার কথা বলে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণ, গ্রেপ্তার কথিত পীর ঢাকায় তিন দিনের গ্লাবাল সোর্সিং এক্সপো ২০২৬
Districts News Updates

লগি-বইঠা-রামদা নিয়ে গোপালগঞ্জে মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ

লগি-বইঠা-রামদা নিয়ে গোপালগঞ্জে মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জ: লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রোববারের (১৫ নভেম্বর) এ কর্মসূচিতে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া শহরের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা।

এদিন বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এসব মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম দেখা যায়। কারও কারও মাথায় ছিল হেলমেট। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

গোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া।

গোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। সেখানে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তারা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও একটি মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্র হয়। পরে নেতা-কর্মীরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন তারা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিছিল নিয়ে যাওয়ার সময় নেতা-কর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়।

পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সাঁজোয়া যানটির ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লেখেন।

এদিকে এই কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তাদের তেমন তৎপরতা চোখে পড়েনি।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

শনিবার রাতেও টুঙ্গিপাড়ায় হামলা-অগ্নিসংযোগ

এর আগে শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত আটটার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে প্রথমে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। পরে উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাতে অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব তাণ্ডব চালিয়েছেন।

The post লগি-বইঠা-রামদা নিয়ে গোপালগঞ্জে মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news