লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী | চ্যানেল আই অনলাইন

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী | চ্যানেল আই অনলাইন

দীর্ঘদিন পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও দলটির আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে ডাব পান করতে দেখা যায়। এসময় সেখানে উপস্থিত এক ব্যক্তি তার উদ্দেশে বিভিন্ন রাজনৈতিক অভিযোগ উত্থাপন করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক বাংলা গণমাধ্যম সুরমা নিউজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি নিজেকে সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে গুম, খুন এবং বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে শ ম রেজাউল করিমের সমালোচনা করেন। ভিডিওতে সাবেক মন্ত্রীকে এসব অভিযোগের জবাব দিতে দেখা যায়নি।

এর আগে গত বছরের ১৩ জুনও লন্ডনে প্রকাশ্যে দেখা যায় শ ম রেজাউল করিমকে। সেসময় তিনি ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে ছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শ ম রেজাউল করিম আত্মগোপনে চলে যান। পরে এক ভিডিও বার্তায় তিনি ভারত হয়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নেওয়ার কথা জানালেও নিজের অবস্থান প্রকাশ করেননি। লন্ডনে তার সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।