দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা ও গলাচিপায় রাতের আঁধারে সড়কের পাশে ককটেল নিক্ষেপ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিচে ‘জয় বাংলা’ লিখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।
আজ শুক্রবার বিকাল ৪টার দিকে দশমিনা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গলাচিপা-দশমিনা তথা পটুয়াখালীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে নুরুল হক নূর দাবি করেন, জনগণের গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। আইনগতভাবে নিষিদ্ধ ওই শক্তির কার্যক্রম পরিচালনা করা আইনের চোখে অপরাধ। যারা রাতের আঁধারে সড়কের পাশে ককটেল নিক্ষেপ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের নিচে ‘জয় বাংলা’ লিখে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে।
এ সময় এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গলাচিপা-দশমিনা তথা পটুয়াখালীতে শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। লারা চারা দিলে কিন্তু শান্তিতে থাকতে পারবেন না।’
অনুষ্ঠানে দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, সংস্থার সদস্য সচিব ইমরান শাহিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নকে সম্পৃক্ত করে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।
The post ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’-নুর appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.