
প্যালেস্টাইনের পক্ষে মন্তব্য করায় র্যাপার ম্যাকলমোরকে যুক্তরাষ্ট্রে চলমান সফরের বাকি কনসার্টগুলো থেকে বাদ দেয়া হয়েছে। আর এই ঘটনায় ব্রিটিশ গায়ক এড শিরানের তীব্র সমালোচনা করেছেন বিশ্ব খ্যাত ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের সহপ্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় সরাসরি এড শিরানকে উদ্দেশ করে কথা বলেন ৮৩ বছর বয়সী এই সংগীতশিল্পী। ভিডিওটির শুরুতেই ছিল- ‘এড হু?’ এরপর শিরানকে উদ্দেশ করে ওয়াটার্স বলেন, ‘এটি এড শিরানের জন্য একটি ছোট বার্তা।’
ভিডিওতে ওয়াটার্সের পেছনে প্যালেস্টাইনি সাংবাদিক বিসান আওদা, জাতিসংঘের অধিকৃত প্যালেস্টাইনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজি এবং গাজার এক নারীর ছবি দেখা যায়।
মানুষের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ওয়াটার্স বলেন, কেউ কেউ ‘সঠিক কাজ’ করেন। এ ক্ষেত্রে ম্যাকলমোরকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। এরপর শিরানকে এমন মানুষদের দলে রেখেছেন, যারা তার ভাষায় ‘ভুল কাজ’ করেন।
সম্প্রতি শিরানের ‘লুপ ট্যুর’-এর যুক্তরাষ্ট্রের বাকি কনসার্টগুলো থেকে ম্যাকলমোরকে বাদ দেওয়া হয়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পারফর্ম করার সময় প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানানো এবং গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর এ সিদ্ধান্ত আসে।
ম্যাকলমোর ওই পরিবেশনায় কেফিয়েহ পরেছিলেন। পাশাপাশি তার প্যালেস্টাইনপন্থী গান ‘হিন্দ’স হল’ পরিবেশনের সময় পর্দায় গাজার বিভিন্ন দৃশ্য দেখানো হয়। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরের মানুষদের ভুলে যাওয়া হয়নি।
পরে এড শিরান জানান, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার নিজের ছিল না। সফরের আয়োজকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন এবং ভেন্যুর মালিকেরা কনসার্ট বাতিলের হুমকি দেওয়ার পর বিষয়টি সামনে আসে।
শিরানের দাবি, তিনি পরিস্থিতির সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। তবে ইসরায়েল-প্যালেস্টাইন ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ্যে জানাতে চাননি তিনি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই ম্যাকলমোর বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। তার ‘হিন্দ’স হল’ ও ‘হিন্দ’স হল ২’ গান থেকে পাওয়া অর্থ জাতিসংঘের প্যালেস্টাইনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-তে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। ইতিমধ্যে তিনি সেটি করেছেনও।
অন্যদিকে, পিঙ্ক ফ্লয়েডের সহপ্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স দীর্ঘদিন ধরেই ইসরায়েলবিরোধী অবস্থানের পাশাপাশি বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস (বিডিএস) আন্দোলনের সমর্থক হিসেবে পরিচিত।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
