শিশুদের এআই সক্ষম করে তুলতে শিখন দক্ষতা বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী – DesheBideshe

শিশুদের এআই সক্ষম করে তুলতে শিখন দক্ষতা বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী – DesheBideshe


ঢাকা, ৮ সেপ্টেম্বর – শিশুদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের উপযোগী করে গড়ে তুলতে তাদের শিখন দক্ষতা ও বুনিয়াদি শিক্ষার ওপর অধিকতর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

গত মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’-এর একটি সেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা’ শীর্ষক এই সেশনে শিক্ষামন্ত্রী বলেন, এআই প্রযুক্তির নিরাপদ ও সর্বোচ্চ সুফল পেতে শিশুদের পড়া, যুক্তি প্রদান এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য।

বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশের শিশুদের ভিত্তিমূলক শিক্ষা বা বুনিয়াদি শিখনে কিছু দুর্বলতা রয়েছে, যা কাটিয়ে উঠতে যথাযথ সহযোগিতা প্রয়োজন।

শিক্ষাপ্রতিষ্ঠানে এআই ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকদের সরাসরি সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে ড. মিলন বলেন, যেকোনো প্রতিষ্ঠানে এই প্রযুক্তি চালুর আগে শিক্ষকদের পরীক্ষামূলক প্রকল্প, ক্রয় ও মূল্যায়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা উচিত। তিনি আরও সতর্ক করেন যে, এআই সময় সাশ্রয়ী হলেও সব ক্ষেত্রে এর ওপর নির্ভর করা সমীচীন নয়। বিশেষ করে শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি ও শাস্তিমূলক ব্যবস্থার মতো স্পর্শকাতর বিষয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থার পরিবর্তে মানুষের বিচার-বিবেচনাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, ইউনেস্কোর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ২৫টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আরও একটি গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশনে শিক্ষামন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।

এনএন/ ৮ সেপ্টেম্বর ২০২৬