দেশের চলমান সব ইস্যু ও সংকট নিয়ে সরব অভিনেত্রী জাকিয়া বারী মম

দেশের চলমান নানা ঘটনা ও সংকট নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম।
সোমবার রাতে ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে মম লেখেন, ‘শুধু ভেনিস ইস্যু না, কিছুই ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনোটাই ভালো হচ্ছে না!’
এরপর দেশের বিভিন্ন চলমান সমস্যা ও ঘটনাকে একে একে তুলে ধরেন মম। পোস্টে তিনি লেখেন,“মাদ্রাসায় যৌন হয়রানি, ভিন্ন মত ও ধর্মের মানুষের উপর নির্যাতন, যেকোনো দলের অন্ধত্ব, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকার সমস্যা, সর্বস্তরে নারীর প্রতি অসম্মান, নিজের মতের বাইরে গেলেই ‘খারাপ’, মাজার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান, দেশের ঐতিহাসিক এবং ধর্মীয় মুরাল ভেঙে ফেলা।”
তিনি আরও লেখেন, সিনেমা প্রদর্শনী বন্ধের দাবি, নাচ-গান শিল্প-সাহিত্য-নৌকা বাইচ নিষেধ, প্রেম-ভালোবাসা বন্ধে আইনি নোটিশ, ধর্মের নামে রাজনীতি, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এনসিপির জামাতের সাথে যোগদান, ভুতুড়ে বিদ্যুৎ বিল, গ্যাসের অভাবে রান্না বন্ধ, রাস্তায় টেসলার অত্যাচার, অনিরাপদ নাগরিক জীবন আরও এমন যত সব অযাচিত ঘটনা; যার কোনটাই দেশ এবং আমাদের জন্য ভালো হচ্ছে না।
দেশের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে মম বলেন, ‘আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি, আর এমন অবস্থা চলছে যেন গৃহযুদ্ধ আসন্ন।’
পোস্টে নিজের অবস্থানও স্পষ্ট করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘অন্য কেউ খারাপ কাজ করেছে তাই বলে আমার খারাপ কাজটা জাস্টিফাইড হয় না।’ রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে মম বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার একটাই দল বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক সেটাই চাই।’
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
