
ঢাকা, ৩০ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ প্রার্থীর তালিকা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম ছাড়া অন্যদের প্রার্থিতা যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ সংসদ সদস্যের তালিকায় রয়েছেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, প্রকৌশলী মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও প্রকৌশলী মাহবুবা হাকিম।
এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসন বন্টন পদ্ধতি অনুযায়ী জোটগুলোর প্রার্থীর বিপরীতে অন্য প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।
এদিকে জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়ন দাখিল করলেও আদালতের নির্দেশে তার আবেদন গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার তার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ সম্পন্ন হবে।
এর আগে জামায়াত জোটের অন্য প্রার্থী মনিরা শারমিনের সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে নুসরাতের মনোনয়ন জমা দেওয়া হয়েছিল।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬






