‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’ | চ্যানেল আই অনলাইন

‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’ | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে ফাহমিদা হকের মনোনয়নকে কেন্দ্র করে তার জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিললুর রহমান প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার ২১ এপ্রিল সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ফাহমিদার জনসম্পৃক্ততা আজকের বিষয় নয়। দীর্ঘদিন ধরেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণ সংক্রান্ত আলোচনায় যুক্ত আছেন। তিনি দেশজুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, নানা সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন এবং তার লেখার মাধ্যমে জনপরিসরের আলোচনায় অংশ নিয়েছেন। এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই তার রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে বিকশিত হয়েছে।

জিললুর রহমান, সংসদ সদস্য হিসেবে এই মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা। নতুন দায়িত্বে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক অবদান রাখবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে নিজের পেশাগত অবস্থান প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, সাংবাদিক, কলামিস্ট, টক-শো উপস্থাপক এবং একটি নীতি-গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার দীর্ঘদিনের স্বাধীন পেশাগত জীবন অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রে একই পরিবারের মানুষ ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করতে পারেন, কিন্তু পেশাগত সততা সব সময় স্বাধীন থাকতে হবে। বস্তুনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা এবং উন্মুক্ত জনআলোচনার প্রতি তার অঙ্গীকার ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তির শেষে ফাহমিদা হকের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং নিজের ক্ষেত্রেও একই পেশাগত নীতি ও দায়বদ্ধতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।