LATEST
কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড় শাহরাস্তিতে কারিগরি শাখা খোলার লক্ষ্যে পরিদর্শনে উপ-পরিদর্শক ভিডিও গেমেই জানা যাবে মনের অবস্থা? বিদেশি বিনিয়োগ আনলেই মিলবে ১.২৫% প্রণোদনা: প্রবাসী ও দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ ৭৫ বছর বয়সে প্রয়াত জিৎ গঙ্গোপাধ্যায়ের মা কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও শোডাউন শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, ব্যাডমিন্টন উপহার প্রধানমন্ত্রীর
Top News

সমুদ্রপথ পাড়ি দিয়ে দুই মাসে আগে পৌঁছান ইতালিতে, সড়ক দুর্ঘটনায় নিহত

সমুদ্রপথ পাড়ি দিয়ে দুই মাসে আগে পৌঁছান ইতালিতে, সড়ক দুর্ঘটনায় নিহত

উন্নত জীবনের আশায় এক বছর আগে দেশ ছেড়েছিলেন জুনাইদ আহমেদ (২২)। কয়েকটি দেশ ঘুরে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে দুই মাস আগে পৌঁছান ইতালিতে। দুই সপ্তাহ আগে একটি প্রতিষ্ঠানে কাজও পান। এরপর বাবা-মাকে ফোন করে বলেছিলেন, ‘কষ্টের দিন শেষ। ভালো বেতন পাব। আমি ভালো থাকব, তোমরাও ভালো থাকবে।’ সেই ভালো থাকা আর হলো না। ইতালিতে পৌঁছানোর দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এই তরুণের।

গত মঙ্গলবার রাতে ইতালির বারি শহরে কর্মস্থল থেকে বাইসাইকেলে বাসায় ফেরার পথে একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন জুনাইদ। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা গ্রামের রেণু মিয়ার ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদ সবার ছোট।

পারিবারিক সূত্রে জানা যায়, ইতালি যাওয়ার উদ্দেশে এক দালালের মাধ্যমে প্রায় এক বছর আগে দেশ ছাড়েন জুনাইদ। কয়েকটি দেশ ঘুরে একপর্যায়ে লিবিয়ায় পৌঁছান। সেখানে দুই মাস অবস্থানের পর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে দুই মাস আগে ইতালিতে পৌঁছান তিনি। সম্প্রতি একটি প্রতিষ্ঠানে কাজ পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যেও স্বস্তি ফিরেছিল।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে জুনাইদ বাইসাইকেলে করে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে পেছন থেকে একটি প্রাইভেট কার তাঁর বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

জুনাইদের মামাতো ভাই মিশন হোসেন বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ পর ইতালিতে অবস্থানরত স্বজনদের মাধ্যমে তাঁরা জুনাইদের মৃত্যুর খবর পেয়েছেন।

নিহত ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন বাবা রেণু মিয়া। তিনি বলেন, ‘ছেলে তো গেছে। জীবনেও আর ফিরে আসব না। লাশটা আইনা দেন।’

পরিবার চাইলে জুনাইদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ।

More in Top News

View all

Latest news