সম্পর্ক নিয়ে চিত্রনায়িকা বর্ষার নিজের ভাবনা

যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে সেই সম্পর্কে সময়, যত্ন, সম্মান ও আন্তরিকতা দিয়ে ‘ইনভেস্ট’ করতে হয় বলে মনে করেন চিত্রনায়িকা ও চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিলের পত্নী বর্ষা। তার মতে, সম্পর্কের ক্ষেত্রে অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ মানুষের ব্যবহার, সময় দেওয়া এবং পারিবারিক বন্ধন তৈরি করা।
বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা জানান বর্ষা।
তিনি লেখেন, “যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না। অবশ্যই জীবনে চলার জন্য টাকা-পয়সার প্রয়োজন আছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই সবচেয়ে বড় বিষয় নয়।”
বর্ষার মতে, সম্পর্কের আসল বিনিয়োগ হলো সময়, ব্যবহার, যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে যুক্ত করে নেওয়া।
তিনি বলেন,“আপনি যদি সত্যিই জানেন যে, এই মানুষটা আমার জীবনে সারাজীবন থাকবে অথবা আপনি তাকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তাকে আপনার পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করতে পারেন।”
‘মোস্ট ওয়েলকাম’ সিনেমার এই নায়িকা বলেন, পরিবারের সঙ্গে কোনো মানুষের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা ও আত্মিক সম্পর্ক তৈরি হলে সেই সম্পর্ক থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার ভাবেন ‘আমি চলে গেলে কী হবে? এই সম্পর্কগুলোর কী হবে?’
বর্ষার ভাষায়, ‘আমার কাছে এটাই সম্পর্কের একটা বড় ইনভেস্টমেন্ট। তাই আমি সবসময় বলি, আপনি যদি কারও সঙ্গে কোনো সম্পর্ক সত্যিই টিকিয়ে রাখতে চান, তাহলে সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর সেই ইনভেস্টমেন্ট শুধু অর্থ দিয়ে নয় আপনার সময়, আপনার ব্যবহার, আপনার আন্তরিকতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার পরিবারকে সেই সম্পর্কের সঙ্গে যুক্ত করার মাধ্যমে।’
পছন্দের মানুষকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আপনার বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন।’
বর্ষার মতে, কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পরিবারের মানুষদের সঙ্গেও একটি বন্ধন তৈরি হয়, তখন সেই সম্পর্কের সঙ্গে মায়া, সম্মান ও দায়বদ্ধতাও তৈরি হয়।
সবশেষে বর্ষা বলেন, ‘কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়—সেখানে সময়, যত্ন, সম্মান, ব্যবহার এবং পারিবারিক বন্ধনেরও ইনভেস্টমেন্ট দরকার।’
অভিনেতা ও নির্মাতা অনন্ত জলিলের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্যজীবনে রয়েছেন বর্ষা। দুই সন্তানকে নিয়ে তাদের সংসার।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

