ঢাকা,২১ নভেম্বর-সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, এ পরিকল্পনার অংশ হিসেবে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও একটি আধুনিক রাষ্ট্রের জন্য জরুরি। রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
সরকারপ্রধান বলেন, তিন বাহিনীর আলাদা আলাদা সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন সেগুলো একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যেই সরকার এরই মধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স তৈরি করেছে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রচলিত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোর দিকে এগোচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জনও এসব পরিকল্পনার অংশ।
সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা বজায় রাখতে ‘চেইন অব কমান্ড’ অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাহিনীর শক্তি ও সাফল্যের জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা এবং জনগণের আস্থার কোনো বিকল্প নেই।
সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের জীবনমান উন্নয়নের বিষয়েও সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে এরই মধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাস ও জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিবসগুলোর মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী একসঙ্গে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। এরপর থেকেই ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটি সশস্ত্র বাহিনীর জন্য গৌরবের ইতিহাস ও প্রেরণার উৎস।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ওপর বর্বর হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করেন। পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে সেনাবাহিনীর বাংলাভাষী কর্মকর্তা ও সৈনিকদের একত্র করেন। ওই রাতেই সেনাবাহিনীকে সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি।
এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধের উদ্ধৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওই নিবন্ধে জিয়াউর রহমান লিখেছেন, ‘সময় ছিল অতি মূল্যবান। আমি ব্যাটালিয়নের অফিসার, জেসিও, আর জওয়ানদের ডাকলাম। তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম। আমি সংক্ষেপে সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম। তখন রাত ২টা বেজে ১৫ মিনিট। ২৬শে মার্চ। ১৯৭১ সাল।’
প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার লেখা এসব তথ্য ১৯৭২ সালে অধুনালুপ্ত দৈনিক বাংলা, ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রা এবং ১৯৮০ সালে দৈনিক দেশ পত্রিকার বিশেষ ক্রোড়পত্রে প্রকাশিত হয়েছিল। ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে সেনাবাহিনীকে সশস্ত্র সংগ্রামে নামার নির্দেশ দেওয়ার পর ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আবারও স্বাধীনতাকামী জনগণের উদ্দেশে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। রেডিওতে দেওয়া সেই ঘোষণা দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল।
এ সময় ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস, বীরত্ব ও শৌর্যের প্রতীক। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র দেখা গেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টাও চলেছে।
তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা রুখে দিয়েছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ চালিয়েছিল।
সেনা হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক জনগণ দেখেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বিশ্বাস করেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের ও জনগণের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন। তাঁদের প্রতি সম্মান জানাতে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
প্রথম ও প্রধান দায়িত্ব হলো, যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয় দায়িত্ব হলো, শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা। এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেই বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, পাহাড়ের দুর্গম এলাকা থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত অঞ্চল—যেখানেই প্রয়োজন হয়েছে, সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় কিংবা যেকোনো দুর্যোগ ও বিপর্যয়ে বাহিনীর সদস্যরা জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করেছেন।
একইভাবে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুরুষ ও নারী সেনাসদস্যরা সুনাম অর্জন করেছেন। দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে জনগণ গর্বিত।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়েও অনেকে শহীদ ও আহত হয়েছেন।
সশস্ত্র বাহিনী দিবসে দেশে-বিদেশে শাহাদাতবরণকারী বীর সেনানিদের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহত সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের উদ্দেশে ইংরেজিতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে অংশ নেওয়ার জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
মুক্তিযুদ্ধের সময় বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের মূল্যবান অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তারেক রহমান বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ, সহায়তা ও সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি তিনি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও এ ধরনের মূল্যবান সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের সঙ্গে কাজ করাকে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহৎ উদ্দেশ্যে বাংলাদেশের সেনাসদস্যদের জন্য একটি অনন্য সুযোগ ও মূল্যবান অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের বৈশ্বিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ অঙ্গীকার ও সমর্থন অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং তাঁদের পরিবারের প্রতি আবারও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
এস এম/ ২১ নভেম্বর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নে সাইবার নিরাপত্তা, এআই, ড্রোন ও মহাকাশ নজরদারিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী first appeared on DesheBideshe.