সাংবাদিক শামসকে গ্রেফতারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ | শিক্ষা

সাংবাদিক শামসকে গ্রেফতারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ | শিক্ষা

<![CDATA[

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামান শামসকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

বুধবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নেতা-কর্মীরা। একই দাবিতে বেলা সাড়ে ৪টায় পরিবহন চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। যেখানে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশ অংশ নেয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় শামসের মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি জহির ফয়সাল দ্রুত মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘আমরা স্বাধীন দেশে বাস করছি। কিন্তু মনে হচ্ছে দেশে আইয়ুব খান, ইয়াহিয়া খানের শাসন চলছে। যদি তা না হয়, তবে কেন স্বাধীনতা দিবসে রিপোর্ট করার জন্য একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়? অনতিবিলম্বে শামসুজ্জামানের মুক্তি চাই।’

তিনি বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মানুষ এখন চলতে পারছে না। সে বিষয়টি একজন দিনমজুরের কথায় ফুটে উঠেছে। সরকার জিনিসপত্রের দাম না কমিয়ে এখন সাংবাদিকদের কলম বন্ধ করার ষড়যন্ত্রে নেমেছে।

আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা

এদিকে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সরকার তার প্রয়োজনের সময় অসৎ উদ্দেশ্যে এই আইন ব্যবহার করছে। নিকৃষ্ট উপায়ে সাদাপোশাকে এসে রাষ্ট্রীয় গুন্ডাবাহিনী সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নিয়ে গেছে।’

এর আগে আজ দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন ও জাবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে শামসুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। বলা হয়, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম? বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’

সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ভুল করে ছবি দেয়া হয় একটি শিশুর। যদিও নিজেদের ভুল বুঝতে পেরে ১৭ মিনিট পর সেই ছবি সরিয়ে নিয়ে সংশোধনী দেয় প্রথম আলো।  কিন্তু ততোক্ষণে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

বহুল আলোচিত ওই ছবি প্রকাশের দুইদিন পর গ্রেফতার হলেন প্রথম আলোর সংশ্লিষ্ট প্রতিবেদক শামসুজ্জামান শামস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া থাকতেন তিনি।  শামস আটকের পর ওই ছবির মতো একইভাবে আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

]]>