সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, প্রশাসনকে দায়ী করলেন নাহিদ ইসলাম – DesheBideshe

সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, প্রশাসনকে দায়ী করলেন নাহিদ ইসলাম – DesheBideshe


সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, প্রশাসনকে দায়ী করলেন নাহিদ ইসলাম – DesheBideshe

ঢাকা, ৬ জুলাই – সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনার জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশ চলাকালে তিনি এই অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, প্রশাসন ও স্থানীয় এমপির প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় এই বিস্ফোরণ ঘটেছে এবং এটি ছিল তাকে ও দলের নেতাদের হত্যার একটি গভীর ষড়যন্ত্র।

সোমবার রাত পৌনে দশটার দিকে সমাবেশের মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। এতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন কর্মী গুরুতর আহত হন।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, কেন নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি তার জবাব দিতে হবে। তিনি আরও হুঁশিয়ার করে দেন যে, দ্রুত বিচার নিশ্চিত করা না হলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

এনসিপির এই পদযাত্রা ও আন্দোলন কর্মসূচি চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের বোমাবাজি বা ভয়ভীতি দেখিয়ে তাদের দমানো যাবে না। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে দলটির কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।

এনএন/ ৬ জুলাই ২০২৬