সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা জারি – DesheBideshe

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা জারি – DesheBideshe


সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা জারি – DesheBideshe

ঢাকা, ২৯ জুলাই – সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সালের পরিমার্জিত নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি মাউশির সহকারী পরিচালক কামরুন্নাহার রীমা স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা পুনরায় জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নীতিমালা অমান্য করা সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘনের শামিল হিসেবে গণ্য হবে।

মাউশির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অসচেতনতা প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট করার পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। এই নির্দেশনা অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা ও উপজেলা শিক্ষা কার্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।

ফেসবুক, ইউটিউব ও হোয়াটসঅ্যাপসহ সব ধরনের মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দাপ্তরিক অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো দাপ্তরিক পেজের প্রোফাইল বা ব্যানারে ব্যক্তিগত ছবি ব্যবহার করা যাবে না। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয় যে, প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম পেজ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রেও কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যক্তিগত কোনো পোস্ট বা মন্তব্যের মাধ্যমে যেন রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেদিকে নজর রাখতে হবে।

কোনো ধরনের রাজনৈতিক আলোচনা, ধর্মীয় উসকানি বা বৈষম্যমূলক বক্তব্য প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে ত্রৈমাসিক ভিত্তিতে এই বিষয়টি নিয়মিত তদারকি করার নির্দেশ দিয়েছে মাউশি।

এনএন/ ২৯ জুলাই ২০২৬