
কলকাতা, ৯ মে – ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ের পর পদত্যাগে অস্বীকৃতি জানালেও অবশেষে পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজের পরিচিতি বা বায়োতে পরিবর্তনের মাধ্যমে তিনি এই ইঙ্গিত দিয়েছেন বলে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বায়োতে তাকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবে উল্লেখ করার পাশাপাশি পশ্চিমবঙ্গের ১৫তম, ১৬তম এবং ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়েছে।
শনিবার রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনই তার প্রোফাইলে এই পরিবর্তন লক্ষ্য করা যায়। এদিন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গত মাসের নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে মমতাকে পরাজিত করেন তিনি। নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয়লাভ করেছে।
ফলাফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় একে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন। তবে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে রাজ্যে তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে।
শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমের এই পরিবর্তনের মাধ্যমে ৭১ বছর বয়সী এই নেত্রী পরাজয় স্বীকার করে নিলেন বলে ধারণা করা হচ্ছে।
এনএন/ ৯ মে ২০২৬





