সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু | চ্যানেল আই অনলাইন

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু | চ্যানেল আই অনলাইন

বলিউড তারকা সালমান খানের ওপর কয়েক দফায় হামলার হুমকির পর মুম্বাই পুলিশের কড়া নিরাপত্তার আওতায় রয়েছে তার বান্দ্রার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’। সেই বাড়ির বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

মৃত পুলিশকর্মীর নাম গণেশ রায়তে। বয়স ৪১ বছর। তিনি মুম্বাই পুলিশের এলএ-৪ ইউনিটে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এর বাইরে দায়িত্ব পালন করছিলেন গণেশ। এ সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।

বিষয়টি বুঝতে পেরে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকেরা গণেশকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। এরই মধ্যে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, মুম্বাই পুলিশে যোগ দেওয়ার আগে ভারতীয় সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন গণেশ রায়তে। সালমান খানের বাড়ির মতো স্পর্শকাতর স্থানে নিরাপত্তার দায়িত্ব পালনকালে তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে মুম্বাই পুলিশ। এবিপিলাইভ