
চাঁপাইনবাবগঞ্জ, ১৭ জুন – ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পরিদর্শন করেছেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি রাজশাহী থেকে সড়কপথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ প্রাঙ্গণে পৌঁছান।
এরপর তিনি প্রাচীন গৌড় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরাকীর্তি ঘুরে দেখেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি সোনামসজিদ বিওপি পরিদর্শন করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
ছোট সোনামসজিদ, তোহাখানা মসজিদ এবং হজরত শাহ নেয়ামতুল্লাহর মাজারসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা দেখার সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও আনন্দিত দেখা যায়। তিনি নিজ হাতে বিভিন্ন স্থাপনার ছবি তোলেন এবং স্থানীয় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় প্রশাসনের কর্মকর্তারা তাকে স্থাপনাগুলোর ঐতিহাসিক পটভূমি সম্পর্কে অবগত করেন। মার্কিন রাষ্ট্রদূতের এই সফরে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে তিনি সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। রাষ্ট্রদূতের এই সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক গুরুত্বকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।
এস এম/ ১৭ জুন ২০২৬






