সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানে যশোর পৌঁছাবেন তিনি।

যশোরে পৌঁছে শার্শা উপজেলার উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও অংশ নেবেন তিনি।
পরে যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফিরবেন প্রধানমন্ত্রী।