হজযাত্রীদের টিকিট দেওয়ার কথা বলে অর্থ গ্রহণ এবং নির্ধারিত সময়ে টিকিট না দেওয়ার অভিযোগে গ্রিন রোডের ‘টিকিট কিংডম’ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের এক আদেশে এজেন্সিটির নিবন্ধন সনদ বাতিল করা হয়।
মন্ত্রণালয়ের নায়লা আহমেদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, টিকিট কিংডমের স্বত্বাধিকারী উমায়ের করিম ইফতির বিরুদ্ধে গত ৫ মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক ও প্রতিনিধিরা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ মে নিবন্ধন কর্তৃপক্ষ শুনানির তারিখ নির্ধারণ করে। তবে ওই শুনানিতে এজেন্সিটির স্বত্বাধিকারী বা কোনো প্রতিনিধি উপস্থিত হননি।
আদেশে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, টিকিট কিংডমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট দল কমিশনে প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদন পর্যালোচনার বরাতে মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, হজযাত্রীদের টিকিট দেওয়ার শর্তে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও নির্ধারিত সময়ে টিকিট দেওয়া হয়নি। এভাবে নেওয়া অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অভিযান পরিচালনাকারী দলের নজরে আসে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এজেন্সিটির নিবন্ধন পুনর্বিবেচনার জন্য দুদকের পক্ষ থেকেও অনুরোধ জানানো হয়েছিল।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, টিকিট কিংডমের নিবন্ধন সনদটি ১৭ এপ্রিল ২০২৪ থেকে ১৬ এপ্রিল ২০২৭ পর্যন্ত মেয়াদে ইস্যু করা হয়েছিল। তবে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারা এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্ধারিত সময়ের আগে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।




